(ফিলিস্তিনের এক নবজাতকের আর্তনাদ)
মা তুমি কোথায়? একটু আগে কি
হয়েছিলো, এতো শব্দ কিসের? এমন অন্ধকার কেন? আমি কিছুই দেখতে পাচ্ছি না, তুমি কোথায় মা? আজ তুমি চুপ কেন? কেন কথা বলছো না? আমার সাথে কি রাগ করেছ? মা আমি মনে হয় ক্ষুদার্ত, আমার খিদে পেয়েছে, এতো অন্ধকার আর মুরমুহু শব্দ, আমি ভয় পাচ্ছি, প্রচণ্ড ভয় পাচ্ছি। এখানে কি এমনই হয়।
এ পৃথিবী কি এমন? আমার বাবা
কোথায়? কোথায় আমার খেলার সাথি? আমাকে একা রেখে তুমি চলে গেলে মা? আমি কেন নড়াচড়া
করতে পারছিনা? খুব কষ্ট পাচ্ছি। ভাবতাম এ পৃথিবী কতইনা সুন্দর! কত্তো বিশাল! এখন মনে
হচ্ছে আমি আগেই বেশ ভালো ছিলাম। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমার কান্না কি তোমার কাছে
যাচ্ছে? আমি খুব ব্যথা পাচ্ছি মা, প্রচণ্ড ব্যথা। খুব কষ্ট অনুভব হচ্ছে, এই পৃথিবী
বড্ড খারাপ। তুমিও এখন আমাকে আদর করো না। ও মা, মাআআআ, আমি কান্না করতে পারছিনা। আমাকে
আগের পৃথিবীতে নিয়ে চলো। আমি এখানে থাকবো না, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমি তোমাকে বলতে
পারছি না বলে কি তুমি আমাকে বুঝতে পারছ না?
আমি আগের পৃথিবীতে চলে যাবো,
আর আসবো না এখানে, কখনোই না। এখানে সবাই পঁচা, কেউ আদর করেনা, তুমিও না, কেউ না। মাগো
আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে, আমার চোখ বন্ধ হয়ে আসছে। আমি খুব কষ্ট পাচ্ছি, আমার পুরনো
বন্ধু এসেছে আমাকে নিতে, আমি যাচ্ছি। এই পৃথিবী থেকে একেবারে চলে যাচ্ছি। তোমার সাথে
দেখা হবে আগের সেই পৃথিবীতে।
মোঃ আরিফ ঊল্লাহ
লেখক ও উন্নয়নকর্মী, কক্সবাজার।
ইমেইলঃ arifullah@coastbd.net

