খেটে খাওয়া মানুষের কান্না শুনবে কে?

0

আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কাছে কোনো সঞ্চয় নেই বললেই চলে এমনকি সঞ্চয় করার মতো সে সক্ষমতাও তাদের নেই। তারা দিনে যা আয় করে তা দিয়েই দুমুঠো ভাত খায়, যেদিন আয় করতে পারেনা সেদিন ভাগ্যের দিকে তাকিয়ে থাকতে হয়। বর্তমান সময়ে হরতাল আর অবরোধের কারণে এমন লাখো পরিবার অনাহারে তাদের দিন পাড় করছে, বিষয়টি অনেকের কাছে কাল্পনিক মনে হতে পারে কিন্তু আমাদের আশেপাশে যে সকল বস্তি, রেল লাইনের পাশে ঝুপড়ীতে বসবাস করা মানুষের বর্তমান অবস্থা এটি। দ্রব্যমূল্যের বেপরোয়া  ঊর্ধ্বগতি কাছে সবাই অসহায়, ১২ বছরের মধ্যে সর্বোচ্চ খাদ্যের মূল্যস্ফীতির করুণ অভিজ্ঞতার স্বাক্ষী হচ্ছে দেশবাসী,  খেটে খাওয়া মানুষ ধনী মানুষের কাছে হাত বাড়াতে পারে না তারা সহয়তা চায় মধ্যবিত্ত পরিবারের কাছে যেখানে তারা সহজে পায়, এই অসহায়ত্বের মাঝে অন্যের কথা চিন্তা করা অনেকের জন্য সৌখিনতা। কার পাশে কে দাঁড়াবে? যেখানে কোনো পক্ষই ভালো নেই। ভালো আছে শুধু দূর্নীতিবাজ কিছু ব্যবসায়ী যারা দেশের এমন অবস্থাতেও অবৈধ মুনাফার লোভ ছাড়তে পারছে না।

 


দিন মজুর, কুলি, বাসের কনট্রাক্টর, ভ্যান চালক, পর্যটন শিল্পের সাথে জড়িত শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উপার্জনের খাত বন্ধ বললেই চলে। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে যেখানে প্রতিদিন ১ হাজার থেকে দেড় হাজার কোটি টাকার ব্যবসা হতো তা এখন নেমে দাঁড়িয়েছে ৩শ কোটিতে, চলছে না দূরপাল্লার বাস ও ট্রাক, পর্যটন শহরে নেই কোনো পর্যটক, খালি পড়ে আছে ৯৫ শতাংশ হোটেলের রুম, বাড়িতে বেকার সময় পাড় করছে এর সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা ও কর্মচারীগণ। রাজনীতিকে মানুষের অধিকার রক্ষা ও কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে কিন্তু বর্তমান সময়ে রাজনীতির কারণে সাধারণ  মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার উপক্রম হচ্ছে। ক্ষমতাশীল দল সিণ্ডিকেট নামক চক্রের সাথে কোনো ভাবেই পেড়ে উঠছে না যার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য লাগামহীন ভাবে বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে অন্যদল নিরপেক্ষ নির্বাচনের দাবী আদায়ে দিচ্ছে হরতাল-আবরোধ, এসকল কিছুর বলি হচ্ছে নিরপরাধ   খেটে খাওয়া মানুষজন। সাধারণ মানুষ কল্যানের রাজনীতি চায়, গুম, খুন, অগ্নিকান্ডের রাজনীতি চায় না। তারা রাজনীতি চায় সুন্দরভাবে ২ মোঠো ভাত খেতে, নিজের অধিকার নিজে যেন ভোগ করতে পারে এমন কল্যাণমূলক রাজনীতি সাধারণ মানুষ চায়।

 

মোঃ আরিফ উল্লাহ,

লেখক ও উন্নয়নকর্মী

কোস্ট ফাউন্ডেশন, কক্সবাজার সদর, কক্সবাজার।

ইমেইলঃ arifcbiu@gmail.com

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)